‘দ্য ওডিসি’ মুক্তির পর তিন বছরের বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান

🕙 প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ । ১১:০২ এএম

নতুন সিনেমা ‘দ্য ওডিসি’-এর বিশ্বব্যাপী সাফল্যের মধ্যেই চলচ্চিত্র নির্মাণ থেকে দীর্ঘ বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলান। টানা কাজের চাপের কারণে তিনি অন্তত তিন বছরের জন্য নতুন কোনো সিনেমা নির্মাণ করবেন না বলে জানিয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান বলেন, ‘দ্য ওডিসি’ নির্মাণ ছিল অত্যন্ত দীর্ঘ ও জটিল একটি প্রক্রিয়া। এ কারণে তিনি এবং তার পুরো টিম শারীরিক ও মানসিকভাবে চরম ক্লান্ত হয়ে পড়েছেন।

নোলান বলেন, “আমরা হোমারের ‘দ্য ওডিসি’র চলচ্চিত্র রূপ দিচ্ছি। তাই এটি কঠিন হওয়াই স্বাভাবিক। বড় চ্যালেঞ্জ ছাড়া এমন মহাকাব্যিক গল্প যথাযথভাবে উপস্থাপন করা সম্ভব নয়।”

তিনি আরও জানান, প্রযুক্তিগত দিক থেকেও ‘দ্য ওডিসি’ নতুন একটি মাইলফলক স্থাপন করেছে। এটি বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা সম্পূর্ণ লার্জ-ফরম্যাট ক্যামেরায় ধারণ করা হয়েছে।

এদিকে নিউইয়র্ক টাইমস-কে দেওয়া আরেক সাক্ষাৎকারে বর্তমান হলিউড স্টুডিওগুলোর ঝুঁকি নিতে অনীহার সমালোচনা করেন নোলান। তার মতে, দর্শক সবসময় মৌলিক ও উচ্চাভিলাষী গল্প দেখতে আগ্রহী। তাই বড় সাফল্য অর্জনের জন্য চলচ্চিত্র নির্মাণে সৃজনশীল ঝুঁকি নেওয়া জরুরি।

প্রাচীন গ্রিক কবি হোমারের বিখ্যাত মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’ সিনেমায় ট্রয় যুদ্ধ শেষে বীর যোদ্ধা ওডিসিয়াসের দীর্ঘ ও বিপদসংকুল স্বদেশে ফেরার কাহিনি তুলে ধরা হয়েছে।

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া টম হল্যান্ড, জেনডায়া, অ্যান হ্যাথাওয়ে, লুপিতা নিয়োঙ্গো, রবার্ট প্যাটিনসন এবং শার্লিজ থেরনসহ হলিউডের একঝাঁক জনপ্রিয় তারকা এতে অভিনয় করেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ