বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। তবে এই পরাজয়কে শেষ নয়, বরং নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা হিসেবে দেখছেন দলের তরুণ মিডফিল্ডার নিকো পাস। ভবিষ্যতে বিশ্বকাপ ট্রফি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
২১ বছর বয়সী এই ফুটবলার স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামার সুযোগ পাননি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আর্জেন্টিনা দলের একটি ছবি প্রকাশ করে সতীর্থ, সমর্থক এবং দেশের প্রতি নিজের আবেগঘন বার্তা তুলে ধরেন।
নিকো পাস লেখেন, “আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত আমি। এই দেশ, এই জাতীয় দল এবং এমন একদল অসাধারণ মানুষের অংশ হতে পেরে আমি গর্বিত, যারা এই জার্সির জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দেয় এবং প্রতিটি মুহূর্তে হৃদয় দিয়ে লড়ে। আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাতে চাই।”
সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ ট্রফি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব।”
একই বার্তায় নবম বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং দেশটির জনগণকে অভিনন্দন জানিয়ে নিকো লিখেছেন, “স্পেন এবং সব স্প্যানিশ মানুষকে অভিনন্দন। ভালো সময় হোক কিংবা কঠিন সময়—আর্জেন্টিনা সবসময়।”
স্পেনের সান্তা ক্রুজ দে টেনেরিফেতে জন্ম নেওয়া নিকো পাস আর্জেন্টিনার সাবেক ফুটবলার পাবলো পাসের ছেলে। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা এই তরুণ সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে দুটি ম্যাচে মাঠে নেমেছিলেন।
জন্মভূমি স্পেনের বিপক্ষে ফাইনালে খেলার সুযোগ না পেলেও, বিশ্বকাপ ফাইনালের পর দেওয়া বার্তায় আর্জেন্টিনার জার্সির প্রতি নিজের অঙ্গীকার ও ভবিষ্যৎ লক্ষ্য আরও একবার স্পষ্ট করেছেন এই উদীয়মান মিডফিল্ডার।

