২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচ বছর আগের একটি পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। ২০২১ সালে করা ওই পোস্টে দাবি করা হয়েছিল, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন খেলবে এবং ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে জয় পাবে আর্জেন্টিনা।
কাকতালীয়ভাবে ভবিষ্যদ্বাণীতে উল্লেখ করা দুই দলই এবার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ায় বিষয়টি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা–এর এক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ১২ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) করা ওই পোস্টে লেখা ছিল, “আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে।”
শুধু ফাইনালের দুই দলের নামই নয়, পোস্টটিতে সেমিফাইনালে ইংল্যান্ড আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছিল। বাস্তবে সদ্য সমাপ্ত সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লিওনেল মেসির দল। অন্যদিকে, ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন।
বহু বছর আগের এই অনুমান বাস্তবের সঙ্গে মিল খুঁজে পাওয়ায় অনেক ফুটবল অনুরাগী বিস্ময় প্রকাশ করেছেন। তবে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষকদের একাংশ বিষয়টিকে নিছক ইন্টারনেট কৌশল হিসেবেই দেখছেন।
তাদের মতে, বড় কোনো টুর্নামেন্টকে সামনে রেখে কিছু ভুয়া বা অজ্ঞাত পরিচয়ের অ্যাকাউন্ট থেকে আগেভাগেই সম্ভাব্য শত শত ফলাফলের পোস্ট করে রাখা হয়। পরে টুর্নামেন্টের অগ্রগতির সঙ্গে সঙ্গে ভুল ভবিষ্যদ্বাণীগুলো মুছে ফেলে কেবল সঠিক বা কাছাকাছি হওয়া পোস্টগুলো রেখে দেওয়া হয়। ফলে এটি একই ধরনের কোনো কৌশলের অংশও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন।
এই ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে, আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে নাকি ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের শিরোপা জিতবে স্পেন।
একই সঙ্গে পাঁচ বছর আগে করা সেই আলোচিত ভবিষ্যদ্বাণীর শেষ অংশ—আর্জেন্টিনার ৩-২ গোলের জয়—বাস্তবে মিলবে কি না, সেদিকেও নজর থাকবে বিশ্বের ফুটবলপ্রেমীদের।

