বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে জয় পেলেও দলের পারফরম্যান্সে আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলোর লাল কার্ড ম্যাচে আর্জেন্টিনার জন্য বড় সুবিধা তৈরি করে দেয়।
ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় স্কালোনি বলেন, শারীরিকভাবে শক্তিশালী ও কঠিন প্রতিপক্ষ সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া মোটেও সহজ ছিল না।
তিনি বলেন, “আমরা অনেক ভুগেছি। আমরা জানতাম তারা খুবই শক্তিশালী এবং শারীরিকভাবে দুর্দান্ত একটি দল। তারা আমাদের নানা সমস্যায় ফেলেছে। সত্যি বলতে, আজ একজন খেলোয়াড় লাল কার্ড দেখায় আমরা কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছি।”
দলের পারফরম্যান্স নিয়ে মূল্যায়ন করতে গিয়ে আর্জেন্টিনা কোচ আরও বলেন, “আমাদের এখনও আরও উন্নতি করতে হবে। তবে জয় নিয়ে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দল যা করেছে, তা ঐতিহাসিক।”
৩-১ গোলের জয় পেলেও পুরো ম্যাচজুড়ে সুইজারল্যান্ডের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। এর আগে নকআউট পর্বে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষেও নাটকীয় লড়াইয়ের পর জয় পেয়েছিল স্কালোনির দল।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে ভিএআরের সিদ্ধান্তে সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার পর। একজন কম খেলোয়াড় নিয়ে খেলতে থাকা সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
সেমিফাইনালে এবার ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হবে দুই দলের শেষ চারের লড়াই। অন্যদিকে মঙ্গলবার ডালাসে অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন, যেখানে নির্ধারিত হবে টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনালিস্ট।

