সুইজারল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কানসাস সিটিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে ৩-১ গোলের জয় তুলে নিয়ে শেষ চারে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
গুরুত্বপূর্ণ এই জয় শেষে নিজের অনুভূতির কথা জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি বলেন, “এই জয়ে আমি অনেক খুশি। এটি ছিল খুবই কঠিন একটি জয়।”
প্রতিপক্ষ সুইজারল্যান্ডের দৃঢ় প্রতিরোধের কথাও উল্লেখ করেন মেসি। তিনি বলেন, “আমরা জানতাম এটি হবে প্রচণ্ড তীব্রতার একটি ম্যাচ।”
আগামী বুধবার আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে এই জয় দলের জন্য মানসিক স্বস্তি এনে দেবে বলেও মনে করেন আর্জেন্টাইন অধিনায়ক। এ প্রসঙ্গে মেসি বলেন, “পরের ম্যাচের আগে একটু শান্তিতে একটি সপ্তাহ কাটানোর জন্য আমাদের জন্য এই ধাপটি পার হওয়া জরুরি ছিল।”
বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে এবার ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
মেসির ব্যক্তিগত ক্যারিয়ারেও সেমিফাইনালটি বিশেষ গুরুত্ব বহন করছে। এটি হবে তার তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল। পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি। এর আগে প্রীতি ম্যাচ কিংবা প্রতিযোগিতামূলক কোনো আসরে ইংল্যান্ডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয়নি এই আর্জেন্টাইন মহাতারকার।

