”উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (০৬ জুলাই) সকালে সাটুরিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সাটুরিয়া-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এরপর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা মডেল মসজিদ সংলগ্ন স্থানে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন:
আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাবেক সভাপতি, সাটুরিয়া উপজেলা বিএনপি।
মোহাম্মদ মোশাররফ হোসেন, অফিসার ইনচার্জ (ওসি), সাটুরিয়া থানা।
মোছা. তানিয়া তাবাসসুম, উপজেলা কৃষি কর্মকর্তা।
মোহাম্মদ রফিকুল ইসলাম, চেয়ারম্যান, সাটুরিয়া বিআরডিবি।
তাপস সিংহ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি হলো পল্লী উন্নয়ন। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

