মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আবু সাদাত মো. শাহিনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী নানা অনাচারের অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দখল, সন্ত্রাস এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আবু সাদাত মো. শাহিনকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ সিদ্ধান্ত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে কার্যকর করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে রোববার (২৪ আগস্ট) আবু সাদাত মো. শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। বিক্ষোভকারীরা এসব অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

