মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে প্রথমবারের মতো আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন, সাটুরিয়া সৈয়দ কালুশাহ বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মুনিরুজ্জামান মুক্তি এবং উক্ত কলেজের বিদ্যুৎসাহী সদস্য ও সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা উপকরণের সাথে তোমাদের যে শুভেচ্ছা কার্ড দেওয়া হয়েছে, এই আইডিয়াটি আমার খুব ভালো লেগেছে। আসন্ন পরীক্ষার সময় বিশ্বকাপ ফুটবল খেলা চলবে। তবে নিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে রাত জেগে খেলা দেখা যাবে না। সাময়িক একটু কষ্ট হলেও পড়াশোনায় মনোযোগী হতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবার সাটুরিয়ার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ হাজার ১২৩ জন পরীক্ষার্থীকে এই উপহার দেওয়া হচ্ছে। উপকরণটি বড় বিষয় নয়, এটি মূলত তোমাদের প্রতি আমাদের ভালোবাসা ও শুভকামনার একটি স্মৃতি উপহার। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই জীবনের এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় তোমাদের ভালো করতে হবে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্থানীয় সাংবাদিক, শিক্ষক এবং শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মিলনায়তনে উপস্থিত শিক্ষার্থীদের বাইরে অবশিষ্ট পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণগুলো নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাটুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
🕙 প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ । ২:৫৮ পিএম

