প্রায় ১৫ মাস বিরতির পর আবারও শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আগামী ২৮ জুন সারাদেশের পাশাপাশি মানিকগঞ্জেও এ কর্মসূচি পরিচালিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সাত উপজেলায় প্রায় ১ লাখ ৮০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস।
তিনি জানান, জেলার সাত উপজেলার ৬৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় স্থাপিত ১ হাজার ৫৯১টি আউটরিচ সেন্টার এবং ৭টি ফিক্সড সেন্টারে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হবে।
এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ২৪ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫৯ হাজার ৫১১ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ডা. আইভী ফেরদৌস বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়রিয়ার জটিলতা কমাতে সহায়তা করে। পাশাপাশি এটি শিশু মৃত্যুর ঝুঁকিও হ্রাস করে।
তিনি আরও জানান, গত চার মাসের মধ্যে যেসব শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করেছে, তাদের এ ক্যাম্পেইনে পুনরায় ক্যাপসুল খাওয়ানো হবে না। দেশের যেকোনো কেন্দ্র থেকেই শিশুকে ক্যাপসুল খাওয়ানো যাবে। ভরা পেটে ক্যাপসুল খাওয়ানো উত্তম এবং এর কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলেও জানান তিনি।
শিশুদের শরীরে ভিটামিন ‘এ’-এর ঘাটতি পূরণে নিয়মিত মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা, হলুদ রঙের ফল এবং বিভিন্ন ধরনের শাক-সবজি খাওয়ানোর পরামর্শ দেন তিনি। একই সঙ্গে অভিভাবকদের নির্ধারিত দিনে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

