জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষাজীবন হুমকিতে

🕙 প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ । ৬:১৬ এএম

জলবায়ু পরিবর্তন, সংঘাত ও দীর্ঘমেয়াদি আর্থ-সামাজিক সংকটের কারণে বিশ্বজুড়ে কোটি কোটি শিশু-কিশোরের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতিসংঘের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রায় ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষা বিভিন্নভাবে ব্যাহত হয়েছে, যার প্রধান কারণ প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু সংকট।

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে বিশ্বে প্রায় ২৫ কোটি ৮০ লাখ স্কুলগামী শিশু বিভিন্ন সংকটের কারণে শিক্ষার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে প্রায় ৯ কোটি ৩০ লাখ শিশু পুরোপুরি স্কুলছুট হয়ে পড়েছে।

গবেষণাটি পরিচালনা করেছে ‘এডুকেশন ক্যাননট ওয়েট’, যা সংকটপূর্ণ অঞ্চলে শিশুদের শিক্ষা নিশ্চিত করতে জাতিসংঘের সহায়তায় গঠিত একটি বৈশ্বিক তহবিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাত্র দেড় বছরের ব্যবধানে সংঘাত ও জলবায়ু পরিবর্তনের কারণে শিক্ষাসংকটে থাকা শিশুর সংখ্যা আরও ২ কোটি ১০ লাখ বেড়েছে।

বিশ্বব্যাপী শিক্ষায় ক্ষতিগ্রস্ত শিশুদের প্রায় ৬০ শতাংশ মাত্র নয়টি দেশে বসবাস করে। দেশগুলো হলো—আফগানিস্তান, বাংলাদেশ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ইথিওপিয়া, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান ও ইয়েমেন।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে স্কুলে যাওয়ার বয়সী শিশুর সংখ্যা আনুমানিক ৪ কোটি ২৮ লাখ। এর মধ্যে ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষাজীবন ব্যাহত হয়েছে। ক্ষতির প্রধান কারণ হিসেবে ৯৮ দশমিক ১ শতাংশ ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করা হয়েছে। বাকি ১ দশমিক ৯ শতাংশের জন্য দায়ী আর্থ-সামাজিক সংকট।

এডুকেশন ক্যাননট ওয়েটের পরিচালক মায়সা জালবুত বলেন, সংঘাত ও জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে শিক্ষাখাতে অর্জিত অগ্রগতিকে পিছিয়ে দিচ্ছে। তিনি জানান, এই গবেষণার ফলাফল থেকে স্পষ্ট হচ্ছে কোন অঞ্চলগুলোতে জরুরি সহায়তা ও বিনিয়োগ সবচেয়ে বেশি প্রয়োজন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ