জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির পক্ষ থেকে প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। চরকির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ‘চরকি কার্নিভাল’-এ এই সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন কনটেন্টের শিল্পী ও নির্মাতাদের পুরস্কৃত করা হবে। এরই মধ্যে ২০২৪ সালের ‘সাবস্ক্রাইবারস চয়েস’ বিভাগের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে প্ল্যাটফর্মটি।
মনোনয়ন তালিকায় ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (ফিমেল) বিভাগে জায়গা পেয়েছিলেন কারিনা কায়সার। তবে তার আকস্মিক মৃত্যুর পর তাকে প্রতিযোগিতার বাইরে রেখে বিশেষভাবে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে চরকি কর্তৃপক্ষ।
এ বিষয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, “কারিনার অসাধারণ সব কাজ আমাদের মাঝে রয়ে গেছে। তিনি এখন সব প্রতিযোগিতার ঊর্ধ্বে। তাই গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে এবারের চরকি অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এবারের চরকি অ্যাওয়ার্ডসে ‘সাবস্ক্রাইবারস চয়েস ২০২৪’ বিভাগে সেরা ছবির মনোনয়ন পেয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘তুফান’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ এবং ‘৩৬-২৪-৩৬’। এছাড়া সেরা অভিনেতা-অভিনেত্রী, ওয়েব সিরিজ, গানসহ বিভিন্ন বিভাগেও মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
চরকির ওয়েবসাইটের মাধ্যমে দর্শকরা তাদের পছন্দের কনটেন্ট ও শিল্পীদের জন্য ভোট দিতে পারছেন। ইতোমধ্যে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।

