শুক্রবার

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে নিয়ে ‘হাইপ’ তৈরি হলেও জনগণ বিএনপিকেই বেছে নিয়েছে: মির্জা ফখরুল

🕙 প্রকাশিত : ৪ জুন, ২০২৬ । ১০:০৯ পূর্বাহ্ণ

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন মাধ্যমে জামায়াতে ইসলামীর জয়ের ব্যাপক প্রচারণা বা ‘হাইপ’ তৈরি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত জনগণ ভুল সিদ্ধান্ত নেয়নি, তারা বিএনপিকেই নির্বাচিত করেছে।

বৃহস্পতিবার (৪ জুন) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের আগে বিভিন্ন মিডিয়ায় এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল যেন জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ভোট পেয়ে ক্ষমতায় যাচ্ছে। এমনকি আমাকেও পরাজিত দেখানো হয়েছিল। কিন্তু জনগণ ভুল করেনি। তারা বিএনপিকেই বেছে নিয়েছে, কারণ বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাস করে।”

তিনি আরও বলেন, বিএনপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। বরং দেশের স্বাধীনতা ও জাতীয়তাবাদের চেতনা ধারণ করে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায়।

জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমি খুব কাছ থেকে মুক্তিযুদ্ধের ভয়াবহতা দেখেছি। পাকিস্তানি বাহিনীর নির্মমতা দেখেছি। সেই কারণেই ১৯৭১ সালের যুদ্ধের সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় না।”

তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে একটি স্বতন্ত্র জাতীয় পরিচয় দিয়েছেন। “আমরা আলাদা, আমাদের অস্তিত্ব আলাদা”— এই জাতীয়তাবাদের ভিত্তি তিনি প্রতিষ্ঠা করেছিলেন।

বিএনপির রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়েছেন। এটি শহীদ জিয়ার ‘প্রথম বাংলাদেশ’ দর্শনেরই ধারাবাহিকতা।”

তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশকে কারও শত্রু বা কারও অনুগত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাননি। বরং স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করেছিলেন।

ক্রিকেটের উদাহরণ টেনে তিনি বলেন, “বাংলাদেশ যখন পাকিস্তান বা ভারতের বিরুদ্ধে খেলে, তখন দেশের মানুষ বাংলাদেশের পক্ষেই দাঁড়ায়। কারণ মানুষ দেশকে ভালোবাসে এবং দেশের স্বার্থকেই সবার ওপরে দেখতে চায়।”

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, আঞ্চলিক সহযোগিতা ও স্বাধীন পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশকে নতুন পথে এগিয়ে নিয়েছিলেন। তিনি সার্ক গঠনের উদ্যোগ নিয়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ভিত্তিও শক্তিশালী করেছিলেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. মুশতাক খান, মেজর জেনারেল (অব.) এএনএম মনিরুজ্জামান, সম্পাদক আবু রূশদ এবং ব্রেইনের নির্বাহী পরিচালক ড. শফিকুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ