বুধবার

৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেভারিটের চাপ নেই, এটিই ব্রাজিলের বড় শক্তি: ক্যাসেমিরো

🕙 প্রকাশিত : ৩ জুন, ২০২৬ । ১১:২২ পূর্বাহ্ণ

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা কিছুটা মিশ্র হলেও অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। তার মতে, এবারের বিশ্বকাপে ফেভারিট না হওয়াটা ব্রাজিল দলের জন্য বাড়তি সুবিধা এনে দিতে পারে।

বিশ্বকাপ শুরুর আগে ফিফার মিডিয়া চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাসেমিরো বলেন, বর্তমানে ব্রাজিলকে বড় ফেভারিট হিসেবে দেখা হচ্ছে না। সাম্প্রতিক পারফরম্যান্স এবং কোচ পরিবর্তনের কারণে স্পেন, ফ্রান্স কিংবা ইংল্যান্ডের মতো দলগুলোর তুলনায় ব্রাজিল কিছুটা পিছিয়ে রয়েছে।

তবে এই পরিস্থিতিকে নেতিবাচকভাবে দেখছেন না ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার। বরং তার মতে, ফেভারিটের চাপ না থাকায় দল আরও মনোযোগী ও সতর্কভাবে নিজেদের প্রস্তুত করতে পারছে।

ক্যাসেমিরো বলেন, “সবসময় ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামা সহজ নয়। এবার হয়তো আমাদের ওপর সেই বাড়তি চাপ নেই, যা দলের জন্য ইতিবাচক হতে পারে।”

তিনি আরও জানান, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন কোচ হিসেবে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির আগমন দলের প্রস্তুতিতে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করেছে। খেলোয়াড়দের সঙ্গে নতুন কোচের বোঝাপড়ার জন্য পর্যাপ্ত সময়ও পাওয়া যায়নি।

তার ভাষায়, গত এক বছরে আনচেলত্তির সঙ্গে দলের সরাসরি কাজ করার সুযোগ হয়েছে মাত্র ৪০ দিনের মতো। তবুও অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দল নিয়ে তিনি আশাবাদী।

সব প্রতিকূলতার মধ্যেও ক্যাসেমিরো বিশ্বাস করেন, ব্রাজিল ভালোভাবেই বিশ্বকাপ অভিযান শুরু করবে।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে ব্রাজিল রয়েছে গ্রুপ ‘সি’-তে। আগামী ১৪ জুন ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মিশন। এরপর ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ