মানিকগঞ্জে পৃথক দুই ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর ও দৌলতপুর উপজেলায় এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাগুলোতে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামের বাসিন্দা মো. সজিব শনিবার গভীর রাতে খুন হন। অভিযোগ রয়েছে, উত্তর পুটাইল এলাকার একটি বাড়িতে অবস্থানকালে পূর্ব শত্রুতার জেরে রাত দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি দল সেখানে হামলা চালায়। হামলাকারীরা সজিবকে কুপিয়ে হত্যা করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
অন্যদিকে, একই রাতে জেলার দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ আমেনা ও তার দেড় বছর বয়সি ছেলে আসওয়াদ নিহত হন।
স্থানীয় সূত্র জানায়, গৃহবধূর সঙ্গে শ্বশুরবাড়ির সদস্যদের কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে আমেনা ও তার শিশুসন্তান গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনাস্থলে একটি দা ও একটি হাতুড়ি পড়ে থাকতে দেখা গেছে।
নিহত গৃহবধূর স্বামী সালাম
মোল্লা, যিনি স্থানীয় বাজারের একজন ব্যবসায়ী, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, পুলিশ মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

