মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আকস্মিক পরিদর্শন পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
আজ ১৭ আগস্ট সোমবার দুপুরে তিনি সরেজমিনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে ইউএনও সিলভিয়া স্নিগ্ধা পরিষদ কার্যালয়ের সার্বিক প্রশাসনিক কর্মকাণ্ড, ইউপি ডিজিটাল সেন্টারের সেবাদান পরিবেশ, নাগরিক সুবিধা প্রদানের সার্বিক চিত্র এবং দাপ্তরিক রেজিস্টার ও নথিপত্র গভীরভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি ডিজিটাল সেন্টার থেকে গ্রামীণ জনগণের নানা ধরনের সেবা প্রাপ্তির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন।
পরিদর্শনকালে ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইদ্রিস আলীসহ পরিষদের সদস্যবৃন্দ, সচিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান পরিষদের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ও স্থানীয় প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে ইউএনও-কে অবহিত করেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদের সার্বিক সেবার মান আরও বৃদ্ধিতে এবং সাধারণ জনগণ যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়া দ্রুত সরকারি সুযোগ-সুবিধা ও নাগরিক সেবা পান, সে বিষয়ে পরিষদ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

