এক বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

🕙 প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ । ১০:৩৪ এএম

আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। পর্যায়ক্রমে এসব পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি জানান, এটি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ এবং ধাপে ধাপে দেশের সব পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, গৌরনদীতে আজ ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। বাকি পরিবারগুলোকেও পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে।

তারেক রহমান বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর যে বাজেট হাতে পেয়েছে, সেটি আগের সরকারের প্রণীত বাজেট ছিল এবং সেখানে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। তবে নতুন বাজেটে এ কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, আগামী এক বছরের বাজেট বাস্তবায়নের মাধ্যমে সারা দেশে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। সেই হিসাবে দেশের প্রতিটি উপজেলায় গড়ে প্রায় সাত হাজার পরিবার এই সুবিধা পাবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের এগিয়ে নিতে উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে, যাতে পরিবার পরিচালনায় নারীদের ভূমিকা আরও শক্তিশালী হয়।

সভায় বক্তব্য শেষে সকাল ১০টা ৫৪ মিনিটে বাটাজোর থেকে বরিশাল নগরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ