শুক্রবার

২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ম পে-স্কেল দ্রুত গেজেট ও বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

মো:নোমান আহম্মেদবিশেষ প্রতিবেদক
🕙 প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ । ১২:০০ অপরাহ্ণ

মানিকগঞ্জে ৯ম পে-স্কেলের চূড়ান্ত সুপারিশ দ্রুত প্রণয়ন, গেজেট প্রকাশ এবং বাস্তবায়নের দাবিতে প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়।

আজ বিকেলে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মানিকগঞ্জে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল মালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আশিকুল ইসলাম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি মানিকগঞ্জের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন মানিকগঞ্জের সভাপতি মো. গোলাম ওয়াজিদ শিহাব, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন মানিকগঞ্জের সভাপতি মো. লুতফুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মো. বকুল হোসেন, স্বাস্থ্য সহকারী সমিতি হরিরামপুর উপজেলার সভাপতি মো. ফরিদ মোল্লা, কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম সদস্য সচিব আকলিমা আক্তার, সাইদুর রহমান, এহেসানুল হক শাহিন ও তারিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মো. আজিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল মালেক বলেন, নতুন পুনর্গঠিত সচিব কমিটি যেন দেশের প্রায় ২২ লাখ সরকারি চাকরিজীবীর পরিবারের বর্তমান দুরবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয় এবং পে-স্কেল বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, দীর্ঘ ১১ বছর ধরে বেতন কাঠামো পুনর্বিন্যাস না হওয়ায় সরকারি কর্মচারীরা আর্থিক সংকটে পড়েছেন। পদোন্নতি ও টাইম স্কেল সংক্রান্ত সুযোগ-সুবিধা সীমিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষা, চিকিৎসা, বাসাভাড়া, গ্যাস, বিদ্যুৎ ও পানির ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।

প্রধান বক্তা আশিকুল ইসলাম বলেন, আগামী বাজেটে ৯ম পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা না হলে সরকারি কর্মচারীরা ঋণের চাপে আরও বিপর্যস্ত হয়ে পড়বেন। তিনি দ্রুত গেজেট প্রকাশ ও পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারাও একযোগে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ