ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাহিদা আক্তার স্থানীয় লাকুড়িয়াপাড়ায় নানির সঙ্গে বসবাস করতেন। তিনি ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তার মা প্রবাসে এবং বাবা বরিশালে থাকেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় নাহিদা ঘরে বসে পড়াশোনা করছিলেন। তার নানি পারিবারিক কাজে বাইরে যান। প্রায় এক ঘণ্টা পর ফিরে এসে ঘরের মেঝেতে নাহিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীর ও গলায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো হত্যার কারণ বা জড়িতদের সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

