মানিকগঞ্জের সদর উপজেলার চেগারঘোনা এলাকায় রাস্তার পাশ থেকে আমিনুর (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পুকুরপাড় ক্যাফে রেস্টুরেন্টের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর থানায় নেওয়া হয়।
নিহত আমিনুর পাশের হরিরামপুর উপজেলার ধুলশুরা ইউনিয়নের আইলকুন্ডী কলোনির বাসিন্দা। তিনি পরিবারসহ সেখানে বসবাস করতেন এবং মাঝে মধ্যে স্থানীয়ভাবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি, মরদেহে বিভিন্ন আঘাতের চিহ্ন ও গাড়ির চাকার দাগ থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ধুলশুরা ইউনিয়নের বাসিন্দা বিল্লাল খা বলেন, “শরীরের আঘাত দেখে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।”
নিহতের স্বজনরা জানান, প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরলেও বৃহস্পতিবার রাতে তিনি আর ফেরেননি। ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন তারা। তাদের অভিযোগ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে।
নিহতের বাবা আবুল হোসেন বলেন, “অনেকবার ফোন করেও ছেলের কোনো খোঁজ পাইনি। সকালে এসে দেখি রাস্তার পাশে তার মরদেহ পড়ে আছে।”
অন্যদিকে, যেই বাড়িতে আমিনুর কাজ করতেন, সেই বাড়ির মালিক জানান, আগের রাতে স্থানীয় কিছু লোকের সঙ্গে তাদের মারামারির ঘটনা ঘটে। পরে বিষয়টি মীমাংসা হলেও রাতে কখন আমিনুর বের হয়ে যান, তা তিনি জানেন না।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, মরদেহে গাড়ির চাকার দাগ থাকায় প্রাথমিকভাবে এটিকে সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

