দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মারা গেছে তিনজন এবং উপসর্গ নিয়ে মারা গেছে চারজন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭২ শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ শিশু। এ সময়ে ঢাকা বিভাগে ছয় শিশুর মৃত্যু হয়েছে, আর সিলেট বিভাগে উপসর্গ নিয়ে মারা গেছে আরও এক শিশু।
প্রতিবেদনে বলা হয়, একই সময়ে সারা দেশে ১ হাজার ২১৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৮৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগেই ৩৬৩ জন। তবে চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় ৭৯৯ শিশু হাসপাতাল ছেড়েছে, এর মধ্যে ৩৭৩ জন ঢাকা বিভাগের।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৯৮ শিশু। এ সময় মোট ২৯ হাজার ৫৪৯ শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে, যাদের মধ্যে ১৯ হাজার ৭০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬ হাজার ৫২৭ জন।

