ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকায় দেখা যায়, মনোনয়নপ্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী নেতার স্ত্রী ও কন্যা রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য—সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী, চট্টগ্রামের সাবেক এমপি ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানা, নরসিংদী-১ আসনের এমপি খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা এবং স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইন।
যদিও দলীয়ভাবে জানানো হয়েছিল, সংরক্ষিত নারী আসনে যোগ্যতা, ত্যাগ ও দলের প্রতি অবদানের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে, তবুও নেতাদের স্বজনদের মনোনয়ন পাওয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
মনোনয়নপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন—সেলিমা রহমান, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় মোট ১ হাজার ২৫টি ফরম বিক্রি হয়েছে, যার মধ্যে প্রায় ৯০০টি জমা পড়েছে। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।
এর আগে ১৭ ও ১৮ এপ্রিল মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান তারেক রহমানসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা।

