সোমবার

২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দশক পর উলশী খালে বাবা-ছেলের উদ্বোধনী ফলক

🕙 প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬ । ১২:৫৪ অপরাহ্ণ

যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কোদাল দিয়ে মাটি কেটে এ কর্মসূচির সূচনা করেন তিনি। এর মধ্য দিয়ে প্রায় ৫০ বছর পর একই স্থানে পাশাপাশি স্থান পেল বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছেলে তারেক রহমানের উদ্বোধনী নামফলক।

উলশী-যদুনাথপুর খাল, যা স্থানীয়ভাবে ‘জিয়া খাল’ নামে পরিচিত, দেশের খাল খনন কর্মসূচির প্রথম প্রকল্প হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। প্রায় চার কিলোমিটার দীর্ঘ এ খালটি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকলেও এবার নতুন করে পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি এই উদ্যোগের মাধ্যমে খালটি আবারও আলোচনায় এসেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। খালপাড়ে পূর্বের উদ্বোধনী ফলকটি সংরক্ষিত রয়েছে, যেখানে জিয়াউর রহমানের উদ্বোধনের তথ্য উল্লেখ আছে। নতুন করে উন্মোচিত ফলকে যুক্ত হয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর নামও।

উদ্বোধনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী দেশের আরও তিনটি স্থানে খাল খনন কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হন। পরে খালপাড়ে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য দেন তিনি।

সংশ্লিষ্টরা আশা করছেন, খাল পুনঃখননের ফলে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং জলাবদ্ধতা সমস্যার সমাধানে ইতিবাচক প্রভাব পড়বে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ