দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার সতর্কতার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল এলাকা এবং সংবেদনশীল স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে জারি করা সতর্কবার্তার পর বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ নির্দেশনা দিয়েছে বেবিচক। উচ্চমাত্রার সতর্কতা জারির অংশ হিসেবে অ্যারাইভাল ও ডিপারচার এলাকায় তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী ও সাদা পোশাকের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক কোনো কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।
এর আগে পুলিশ সদর দপ্তরের এক চিঠিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলের কথা উল্লেখ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে সার্বিক নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

