সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সার্ধশত বছরে নতুন মাইলফলক: সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল বগুড়া

🕙 প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬ । ৬:৫৮ পূর্বাহ্ণ

পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছর পূর্তিতে নতুন এক মাইলফলক স্পর্শ করল উত্তরের জেলা বগুড়া। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে বগুড়া। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর মধ্য দিয়ে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন। বর্তমানে দেশের অন্যান্য সিটি করপোরেশনগুলো হলো—ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

ঐতিহাসিকভাবে বগুড়া পৌরসভার যাত্রা শুরু হয় ১৮৭৬ সালের ১ জুলাই, ব্রিটিশ শাসনামলে। উত্তরাঞ্চলের প্রাচীন পৌরসভাগুলোর মধ্যে এটি অন্যতম। বর্তমানে এই পৌরসভার অধীনে ২১টি ওয়ার্ড রয়েছে এবং ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এর জনসংখ্যা প্রায় ৪ লাখ।

২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময় আশপাশের ৪৮টি মৌজা যুক্ত করে পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯.৫৬ বর্গকিলোমিটার করা হয়। একই সঙ্গে ওয়ার্ডসংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। তখনই এটিকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন হতে সময় লেগেছে প্রায় দুই দশক।

ফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ