শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে ৬০ উদ্যোগের তালিকা প্রকাশ করল সরকার

🕙 প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ । ১২:৪৯ অপরাহ্ণ

বর্তমান সরকারের মেয়াদের দুই মাস পূর্ণ হয়েছে গত শুক্রবার (১৭ এপ্রিল)। এই সময়ে রাষ্ট্র সংস্কার, জনকল্যাণ নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে ৬০টি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া ইশতেহার বাস্তবায়নে সরকার ইতিমধ্যে ১৮০ দিনের একটি অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

বিবৃতিতে বলা হয়, কৃষি, সামাজিক সুরক্ষা, জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, কর্মসংস্থান, প্রযুক্তি, স্বাস্থ্য, পরিবেশ, সুশাসন এবং কূটনীতি—বিভিন্ন খাতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

ছবি: সংগৃহীত

কৃষি ও সামাজিক সুরক্ষায় নারীর ক্ষমতায়নের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে পরিবারভিত্তিক নগদ সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণ সুদসহ মওকুফ এবং কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চালু রয়েছে।

জ্বালানি ও অবকাঠামো খাতে নদী-খাল খনন, রুফটপ সোলার বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জ্বালানি ব্যবস্থাপনায় ‘ফুয়েল কার্ড’ পাইলট প্রকল্প শুরু হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান খাতে সরকারি শূন্যপদ পূরণ, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু এবং বিদেশি শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগের কথা জানানো হয়।

শিক্ষা ও ক্রীড়া খাতে শিক্ষাবৃত্তি বৃদ্ধি, নতুন নিয়োগ, খেলাধুলা বাধ্যতামূলক করা এবং স্মার্ট শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। প্রযুক্তি খাতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং ই-হেলথ সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় ডেঙ্গু প্রতিরোধ, টিকাদান কর্মসূচি, বৃক্ষরোপণ এবং নদী দখল রোধে কঠোর আইন প্রণয়নের কথা উল্লেখ করা হয়।

এছাড়া সুশাসন নিশ্চিত করতে সরকারি ব্যয় কমানো, প্রশাসনিক প্রটোকল সীমিত করা এবং অনলাইন সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং মানবাধিকার রক্ষায় বিভিন্ন দেশের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মুখপাত্র মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের আস্থা পুনরুদ্ধার ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ