শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর

🕙 প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ । ১২:৩২ অপরাহ্ণ

আসন্ন পাবলিক পরীক্ষাগুলোতে ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল-এর কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া (ডিউ প্রসেস) অনুসরণ ছাড়া কাউকে বহিষ্কার করা আইনসম্মত নয়।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষা–২০২৬ সুষ্ঠুভাবে আয়োজন সংক্রান্ত অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে বাসসকে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা বোর্ডের পুরনো নীতিমালায় থাকা বিতর্কিত ২৯ নম্বর ধারা অবিলম্বে বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না। এটি সম্পূর্ণ আইনবিরুদ্ধ।”

তিনি আরও বলেন, কাউকে শাস্তি দিতে হলে স্বচ্ছ ও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। পরীক্ষা কক্ষেই কোনো অনিয়ম প্রমাণিত না হয়ে নীরবে কাউকে বহিষ্কার করার সুযোগ নেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় মন্ত্রী জানান, ১৯৬১ সালের পুরনো নীতিমালার অসংগতিপূর্ণ কপি থেকে বিভ্রান্তি ছড়াতে পারে। বিষয়টি স্পষ্ট করতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিগগিরই বিজ্ঞপ্তি দেবে।

তিনি জানান, আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে পাঁচ সপ্তাহের মধ্যে শেষ হবে। পাশাপাশি ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, বর্তমান কড়াকড়ি ব্যবস্থা শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়, বরং পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার জন্য।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষক প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ