রাজধানীর বনানী সেতু ভবন এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুই ব্যক্তি সিটি করপোরেশনের শ্রমিক ছিলেন এবং সড়কের সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাখালী থেকে গাজীপুরগামী ‘ভুঁইয়া পরিবহন’-এর একটি বাসে তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি উঠতে চাইলে চালক ও হেলপার বাধা দেয়। এ নিয়ে হাতাহাতির একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে গিয়ে ফুটওভার ব্রিজে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কে কাজ করা দুই শ্রমিক বাসের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর ট্রাফিক পুলিশ বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। তবে চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।
বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন জানান, নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন পুরুষ নিহত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে তিনি জানান।

