রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী এক মাসের মধ্যেই এ মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে মৃত্যুদণ্ড কার্যকর নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের ঘৃণ্য অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না।
তারেক রহমান বলেন, “রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে। সেই সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাতে ভবিষ্যতে আর কেউ শিশু বা নারী নির্যাতনের মতো অপরাধ করার সাহস না পায়।”
তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া দেশের প্রচলিত আইন ও সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই সম্পন্ন হবে এবং এ ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সরকার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বলেও জানান তিনি।

