ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার–এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত রোববার (১৭ মে) অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওইদিন শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে সাংবাদিকদের এম কে রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার বিষয়টি উপেক্ষা করতে না পারে।
অন্যদিকে আইনজীবী মহসিন রশীদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কালে ঘটে যাওয়া ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত চাওয়া হয়েছে এবং কীভাবে তদন্ত হবে, সে সিদ্ধান্ত সরকারই নেবে।
উল্লেখ্য, গত শুনানিতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা নেওয়ার জন্য সময় চেয়েছিলেন অ্যাটর্নি জেনারেল। তবে বৃহস্পতিবার শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজ করে দেন।

