বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি প্রযুক্তি উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ ও ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে আনসার বাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। গ্রাম থেকে শহর, বন্দর এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চল—সব জায়গায় বাহিনীর সদস্যরা সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, দেশে অস্থিতিশীলতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আনসার বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে কাজ করেছে। দুর্যোগকালেও সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাহিনীটি। তাদের এসব অবদানের কারণে আনসার বাহিনী আজ একটি সুশৃঙ্খল ও স্বতন্ত্র বাহিনী হিসেবে মর্যাদা অর্জন করেছে।
তারেক রহমান বলেন, আনসার বাহিনী বর্তমানে প্রযুক্তিনির্ভর নানা উদ্যোগ গ্রহণ করছে। পাশাপাশি বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিল্যান্সার ও ফিল্ড ভিডিপি সদস্য দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা বৃদ্ধিতে কাজ করছে।
এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে পৌঁছান। সেখানে তিনি আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেন।

