বুধবার

১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার পুলিশ, আমার দেশ’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬

🕙 প্রকাশিত : ৯ মে, ২০২৬ । ১:৪৮ অপরাহ্ণ

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণিল বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে আগামীকাল রোববার (১০ মে) শুরু হচ্ছে চার দিনের ‘পুলিশ সপ্তাহ-২০২৬’। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। একই সঙ্গে সাহসিকতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেবেন তিনি। আগামী ১৩ মে পর্যন্ত চলবে পুলিশ সপ্তাহের নানা আয়োজন।

এবারের পুলিশ সপ্তাহে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের আস্থা পুনরুদ্ধার এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও দেশের উন্নয়ন নিশ্চিত করতে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি অপরিহার্য। জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বিশেষভাবে মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা ও সুশাসন অনেকাংশে পুলিশের সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ওপর নির্ভরশীল। প্রযুক্তিনির্ভর যুগে অপরাধের ধরন জটিল হয়ে উঠছে উল্লেখ করে তিনি পুলিশ সদস্যদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা অ্যানালিটিকস, ডিজিটাল ফরেনসিকস ও সিসিটিভি প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশকে জনগণের আস্থা ও সেবার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে, পাশাপাশি নিরপরাধ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

পুলিশ সপ্তাহের বিভিন্ন অধিবেশনে গত বছরের কার্যক্রম মূল্যায়ন এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির পৃথক বাণী দিয়েছেন।

এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেবেন বর্ণাঢ্য প্যারেডে।

অনুষ্ঠানে ২০২৫ সালে সাহসিকতা, বীরত্ব, অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’সহ বিভিন্ন পদক প্রদান করা হবে।

বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ