বুধবার

১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওআইসি দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব, রোহিঙ্গা সংকটে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

🕙 প্রকাশিত : ১২ মে, ২০২৬ । ১২:২৭ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) দেশগুলোর সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন। একইসঙ্গে মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (১২ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। পাশাপাশি বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তাদের বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ ওআইসি দেশগুলোর সমর্থনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে সেই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বিশেষভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং এ বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলোর কার্যকর সমর্থন কামনা করেন।
সাক্ষাৎকালে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশনও বৈঠকে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ