প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশে হামের সংক্রমণ বৃদ্ধি ও টিকার সংকটের কারণ খতিয়ে দেখতে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তথ্য উপদেষ্টা বলেন, হামের সংক্রমণ এবং এ সংক্রান্ত বর্তমান পরিস্থিতি নিয়ে সরকার গুরুত্বসহকারে তদন্তের উদ্যোগ নিচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, “হামের কারণে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কী কারণে টিকার সংকট তৈরি হয়েছে এবং টিকা প্রয়োগে কোনো ধরনের অবহেলা ছিল কি না—এসব বিষয় তদন্তের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, তদন্তে কোনো ধরনের অপরাধ বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হামের চিকিৎসা ব্যবস্থায় সরকারের পক্ষ থেকে আরও সুযোগ-সুবিধা বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ব্রিফিংয়ে জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, দেশে বর্তমানে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের সংকট নেই।

