মঙ্গলবার

১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম নিয়ে রাজনীতি নয়, সমঅধিকারের বার্তা প্রধানমন্ত্রীর

🕙 প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬ । ৭:১৯ পূর্বাহ্ণ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার ধর্মীয় সম্প্রীতি ও সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আমরা অতীতেও ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করিনি, ভবিষ্যতেও করব না।” তিনি জোর দিয়ে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি-অবাঙালি, বিশ্বাসী-অবিশ্বাসী—সবাই সমানভাবে অধিকার ভোগ করবে, এটাই সরকারের মূলনীতি।
তিনি আরও বলেন, বিশ্বের প্রতিটি ধর্মই মানবকল্যাণের শিক্ষা দেয়। বৌদ্ধ ধর্মের পঞ্চশীল নীতির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, প্রাণী হত্যা না করা, চুরি, ব্যাভিচার, মিথ্যা ও মাদক থেকে বিরত থাকা—এসব মানবিক মূল্যবোধ সমাজকে শান্তি ও সহাবস্থানের পথে এগিয়ে নেয়।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, একটি নিরাপদ ও সমঅধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সকল ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করে দেশ স্বাধীন করেছিলেন। “সেই সময়ে কে কোন ধর্মের, তা গুরুত্বপূর্ণ ছিল না—এই দেশ সবার,” যোগ করেন তিনি।
বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই দর্শনই দেশের সব ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীর সহাবস্থান নিশ্চিত করতে সক্ষম। তিনি সকল নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং কাউকে নিজেকে সংখ্যালঘু মনে না করার পরামর্শ দেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৌদ্ধ সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠান শেষে বৌদ্ধ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট ও পবিত্র বুদ্ধমূর্তির প্রতিকৃতি তুলে দেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান ও প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের প্রার্থী মাধবী মারমা এবং শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়াসহ অনেকে অনুষ্ঠানে অংশ নেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ