আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীসেবা ও ঘাট ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকা পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সোমবার (২৫ মে) দুপুরে তিনি পাটুরিয়া ঘাট এলাকায় পৌঁছে ফেরি ও লঞ্চ চলাচল, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং ঘাট ব্যবস্থাপনার বিভিন্ন দিক ঘুরে দেখেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে যাত্রাপথে তাদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও মতবিনিময় করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফেরিতে পরিবেশিত খাবারের মানও যাচাই করেন এবং যাত্রীদের জন্য দেওয়া বিভিন্ন সেবার কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌ প্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এসব কার্যক্রম মাঠপর্যায়ে সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না এবং কোথাও কোনো সমস্যা রয়েছে কি না, তা সরেজমিনে দেখতে তিনি ঘাট পরিদর্শনে এসেছেন।
তিনি বলেন, “আমরা ইতোমধ্যে একাধিক স্থান পরিদর্শন করেছি। কিছু জায়গায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ১০ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ছোট মনে হলেও এটি আমাদের নজরের বাইরে নয়।”
রাজীব আহসান আরও বলেন, কোথাও অনিয়ম বা অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

