মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্থানীয় ক্রীড়াঙ্গনের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট দি প্লাস্টিসিটি ‘জয়মন্টপ প্রিমিয়ার লিগ’ (জেপিএল)-২০২৬ এর অষ্টম আসরের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে দর্শকভর্তি মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শনিবার (২ মে) বেলা ১১টার দিকে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গ্রুপ পর্বের খেলা শেষে দেউলী দশানী চ্যালেঞ্জার্স ও আনোয়ার আমিনুর ক্রিকেট একাডেমি ফাইনালে মুখোমুখি হয়। টস হেরে ব্যাট করতে নেমে দেউলী দশানী চ্যালেঞ্জার্স ২০ ওভারের ম্যাচে ১৮ ওভারে ২৩৪ রান সংগ্রহ করে। তবে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে পুনরায় ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। পরবর্তীতে উভয় দলের সঙ্গে আলোচনা করে দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
পরে বিকেলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও দি প্লাস্টিসিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান।

এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে খেলা উদ্বোধনের আগে আয়োজক ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান অতিথি ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। পরে বেলা ১১টার দিকে আলহাজ মোঃ আব্দুল আল মামুন আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল আলম মোহাম্মদ আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরস্কার বিতরণী পর্বে অ্যাডভোকেট মোজাফফর হোসেন জিকুর সঞ্চালনায় এবং জেপিএলের সভাপতি মোঃ ফয়েজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ও উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ আওলাদ হোসেন, সৌদি প্রবাসী মোঃ মহসিন পাল, নাসির ডোরস অ্যান্ড ফার্নিচারের স্বত্বাধিকারী মোঃ নাসির উদ্দিন এবং জেপিএলের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ মশিউর রহমান শামীম।
উল্লেখ্য, জেপিএল-এর অষ্টম আসরে মোট ছয়টি দল অংশ নেয়। দলগুলো হলো— সুপার স্ট্রাইকার্স অফ ০৭-০৯, মামা ভাগিনা ক্রিকেট একাদশ, দেউলী দশানী চ্যালেঞ্জার্স, আনোয়ার আমিনুল ক্রিকেট একাডেমি, সাহরাইল ক্রিকেট ক্লাব ও জামির্ত্তা ।

