ঢাকায় আজ (রোববার, ৩ মে) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন তিনি।
এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মোট ৪৯৮টি প্রস্তাব উপস্থাপন করা হবে। এতে দেশের সব জেলা প্রশাসক অংশ নেবেন। পাশাপাশি ৫৬টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির জানান, এবারের সম্মেলন চার দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে, যা আগেরবারের তুলনায় এক দিন বেশি। তিনি বলেন, সম্মেলন চলাকালে কমিশনার ও জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
তিনি আরও জানান, এবারের সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০টি কার্য অধিবেশন এবং অংশগ্রহণকারী মন্ত্রণালয় বা বিভাগের সংখ্যা ৫৬টি। মাঠ প্রশাসন থেকে পাওয়া ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ সম্পর্কিত প্রস্তাব সবচেয়ে বেশি, যার সংখ্যা ৪৪টি।
সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের পরিবীক্ষণ।
এছাড়া সম্মেলন চলাকালে তিনটি গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির সঙ্গে ৩ মে সন্ধ্যা সাড়ে ৭টায়, স্পিকারের সঙ্গে ৪ মে সন্ধ্যা ৭টায় এবং প্রধান বিচারপতির সঙ্গে ৫ মে বিকেল ৪টায় সাক্ষাৎ করবেন অংশগ্রহণকারীরা।
সরকার আশা করছে, এই সম্মেলনের মাধ্যমে মাঠ প্রশাসনের আইনগত, প্রশাসনিক ও আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলার করণীয় নির্ধারণ করা সম্ভব হবে। এর ফলে জেলা পর্যায়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।
আজ থেকে শুরু চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
🕙 প্রকাশিত : ৩ মে, ২০২৬ । ৪:৪২ পূর্বাহ্ণ

