রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে তলিয়ে গেল ধান, ক্ষতি দেখে জমিতেই কৃষকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়

🕙 প্রকাশিত : ৩ মে, ২০২৬ । ৫:০৪ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে তলিয়ে যাওয়া ধানক্ষেত দেখে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকাল আটটার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিক নিয়ে নিজের জমিতে ধান কাটতে যান আহাদ মিয়া। সেখানে গিয়ে দেখেন, তার আবাদ করা প্রায় ছয় বিঘা জমির ধান পানিতে ডুবে গেছে। এই দৃশ্য দেখে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন, তবে চিকিৎসকদের মতে এটি হৃদ্‌রোগজনিত কারণেও হতে পারে।

নিহতের বড় ভাই ও স্থানীয় ইউপি সদস্য আহম্মদ হোসেন জানান, টানা কয়েক দিনের বৃষ্টিতে এলাকার বিস্তীর্ণ জমির ধান পানিতে তলিয়ে গেছে। নিজের ফসলের এমন ক্ষতি দেখে আহাদ মিয়া মানসিকভাবে ভেঙে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা আরও জানান, আহাদ মিয়া ঋণ নিয়ে ছয় বিঘা জমিতে ব্রি-২৯ জাতের ধান আবাদ করেছিলেন। আকস্মিক বৃষ্টিতে সেই ফসল নষ্ট হয়ে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েন। পরে শ্রমিক ও এলাকাবাসী তার মরদেহ বাড়িতে নিয়ে যান এবং জোহরের নামাজের পর দাফন সম্পন্ন হয়।

এদিকে একই কারণে এলাকায় আরও কয়েকজন কৃষক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। টানা বৃষ্টিতে গোয়ালনগর ইউনিয়নের হাজার হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল জানান, ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি আরও কয়েকজন অসুস্থ হয়েছেন বলেও জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে অনেক কৃষকের জমির ধান পানিতে তলিয়ে গেছে। একজন কৃষকের মৃত্যুর বিষয়টি যাচাই করা হচ্ছে। ঘটনা সত্য হলে ক্ষতিগ্রস্তদের তালিকা ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়ে সহায়তার ব্যবস্থা করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ