আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এবারের প্রতিপাদ্য—‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার, স্বাধীনতা ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন আয়োজন করছেন।
এ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হবে। এরপর সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডে তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এ তথ্য গতকাল শনিবার তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, ১৯৯১ সালে ইউনেসকোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৩ মে-কে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে ঘোষণা করে। সেই থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।
দিবসটির মাধ্যমে সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করা, মুক্ত গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী সংবাদমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন এবং এ স্বাধীনতায় হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী সাংবাদিকদের স্মরণ করা হয় এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

