শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক, সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার

🕙 প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ । ৯:২৪ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ টয়লেটের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় গ্রামবাসী।

বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর-হঠাৎপাড়া এলাকায় নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।

নিহত নাসিমা বেগম রাণীনগর-হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান ভেজুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী মিজানুর রহমান তার স্ত্রী নাসিমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। পরে ঘটনার প্রমাণ লুকাতে মরদেহ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে রাখেন। ঘটনার পর তিনি এলাকা থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ