বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে মিছিলের ভিডিও ছড়ানোর পর কুমারখালীতে ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার

🕙 প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬ । ৮:১৫ পূর্বাহ্ণ

কুষ্টিয়ার কুমারখালীতে ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে প্রকাশের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) সকালে পৌরসভার শেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন—শেরকান্দি এলাকার মিরাজ মোল্লার ছেলে মো. জিসান (২১), আলমগীরের ছেলে জুয়েল রানা (২০) এবং শাহিনুরের ছেলে মো. শাওন (১৭)। পুলিশ জানিয়েছে, তারা ছাত্রলীগের কর্মী-সমর্থক।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি জীবন হাসান সোহেলের ব্যক্তিগত ফেসবুক আইডিতে মোটরসাইকেল বহরসহ একটি ঝটিকা মিছিলের ২৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরদিন সকালে অভিযান চালিয়ে মিছিলে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।
পরবর্তীতে ২০২৪ সালের ১৫ অক্টোবর দায়ের করা একটি বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জীবন হাসান সোহেল দাবি করেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ওই মিছিল অনুষ্ঠিত হয়েছিল এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি এ ঘটনার নিন্দা জানান।
অন্যদিকে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, “একটি বিস্ফোরক মামলায় ছাত্রলীগের তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলের বিষয়টি সঠিক নয়।” তিনি আরও জানান, পৃথক একটি মারামারি মামলায় মাহফুজ (২৫) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ