কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার হারবাং ও মালুমঘাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—চট্টগ্রামের সাতকানিয়া উত্তর কালিয়াইশ এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৩২) এবং চান্দগাঁও এলাকার মুন্সি মিয়ার ছেলে মো. ইউসুফ (৩৫)।
চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আরিফুল আমিন জানান, সকাল সোয়া ৮টার দিকে হারবাং বাজারের উত্তরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সকাল ৯টার দিকে মালুমঘাট এলাকায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ইউসুফ। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়া উদ্দিন।
পুলিশ জানিয়েছে, পৃথক এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

