মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল থেকেই সাটুরিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে দলীয় নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও দর্শনকে ধারণ করেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে হবে।”
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষক দলের সভাপতি বরকত মল্লিক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অমিত হাসান ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাদল। এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক কর্মসূচিতে অংশ নেন।
দলীয় কর্মসূচি ও শ্রদ্ধা নিবেদন শেষে সাটুরিয়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদে আসরের নামাজ পরবর্তী এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
যথাযোগ্য মর্যাদায় সাটুরিয়ায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত: দোয়া মাহফিল ও তবারক বিতরণ
🕙 প্রকাশিত : ৩০ মে, ২০২৬ । ২:০৪ অপরাহ্ণ

