মানিকগঞ্জের শিবালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩০ মে) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, যুবদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা শিবালয় বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ইকবাল হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদল এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমূখ।
বক্তরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার আদর্শ ও দেশপ্রেম থেকে অনুপ্রাণিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। তার স্মৃতি ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার আদর্শ অনুসরণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তার অবদান আজও মানুষের মাঝে স্মরণীয় হয়ে আছে। তার আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

