নিজ নিজ অবস্থান থেকে দেশ ও রাষ্ট্র গঠনের কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন সম্ভব।
শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমরা অঙ্গীকার করি সমাজের সবাইকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করব। একজন নাগরিক হিসেবে যদি আমরা প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে একে অপরের পাশে দাঁড়াই, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।”
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে দেশ গঠনের কাজে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখছেন, তাদের সহযোগিতা করি। একজন সচেতন নাগরিক হিসেবে তাদের পাশে দাঁড়াই এবং দেশের উন্নয়নে অবদান রাখি।”
অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই শহীদ জিয়ার আদর্শের অন্যতম প্রতিফলন।
জনসাধারণের চলাচলে বিঘ্নের বিষয়টি বিবেচনায় নিয়ে বক্তব্য সংক্ষিপ্ত করে তিনি বলেন, “আজকের অনুষ্ঠানের কারণে মানুষের কিছুটা অসুবিধা হচ্ছে। তাই দীর্ঘ বক্তব্য দেব না। সাংগঠনিক বিষয় নিয়ে অন্য একটি সভা-সমাবেশে বিস্তারিত আলোচনা করা হবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে দলীয় কার্যক্রম ও সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে বসে করণীয় বিষয়ে আলোচনা করা হবে।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

