পুরাতন জরাজীর্ণ-গ্লানিকে পেছনে ফেলে বছর ঘুরে আবারও বৈশাখ এলো দ্বারে। নতুন বছর, নতুন ভোর, নতুন আশা- সব নতুনের আহ্বানে এলো ১৪৩৩ বাংলা নববর্ষ।
মঙ্গলবার ১৪ এপ্রিল সূর্য ওঠার পর থেকেই মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী বীণপানি সমাজ কল্যাণ সমিতির মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। সাদা পাঞ্জাবি পরা পুরুষ ও সাদা-লাল শাড়িতে দেখা মেলে নারীদের।
গালে-হাতে আলপনা, মাথায় ফুলের টায়রা ও সাজসজ্জায় রঙিন করে তোলেন তরুণীরা। উৎসব-উদ্দীপনায় বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া হচ্ছে। নতুন বছরকে ঘিরে এলাকাজুড়ে উচ্ছ্বাসের জোয়ার বইছে।
বাংলা নববর্ষ উপলক্ষে বীণাপানি সমাজ কল্যাণ সমিতির আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়েছে। বীণাপানি খেলার মাঠ থেকে এ শোভাযাত্রাটি বের হয়।
এসময় নববর্ষ উপলক্ষে সিংজুরীবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা বলেন, আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি। আমরা আমাদের ঐতিহ্যকে তুলে ধরতে চেয়েছি। বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি সেটা আমরা দেখাতে চেয়েছি। আজ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছি। আজ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা এক কাতারে। আমরা সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশকে গড়ে তুলব এবং বিকশিত করবো।
বীর মুক্তিযোদ্ধা মেঝবাউদ্দিন খান ও আব্দুর রহমান বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদ্যাপন করছে। আমরা আশাবাদী খুব সুন্দর ভাবে বাংলার হাজার বছরের এই ঐতিহ্য বাংলা নববর্ষ উদ্যাপিত হবে।
এসময় শোভাযাত্রায় সিংজুরী ইউনিয়ন বিএনপির সকল রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা ও সাংস্কৃতিক-কর্মীরা উপস্থিত ছিলেন।

