বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজকীয় যত্নে বেড়ে ওঠা ‘নবাব সিরাজউদ্দৌলা’, কোরবানির হাটে আলোচনায় ১০৪ কেজির ছাগল

🕙 প্রকাশিত : ২৭ মে, ২০২৬ । ১০:৩৩ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জের করিমগঞ্জে রাজকীয় আদর-যত্নে বড় হয়ে উঠেছে ব্যতিক্রমধর্মী এক ছাগল। নাম তার ‘নবাব সিরাজউদ্দৌলা’। গোসলের পর শরীরে বেলী ফুলের তেল, রাতে কম্বল বিছানো মাচায় ঘুম—সব মিলিয়ে ছাগলটিকে ঘিরে এলাকায় এখন ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আলোচনায় এসেছে ১০৪ কেজি ওজনের এই বিশেষ খাসিটি। এর মালিক করিমগঞ্জ উপজেলার বাসিন্দা হাদিস মিয়া জানান, দুই বছর আগে মাত্র দুই মাস বয়সে ২১ হাজার টাকায় ‘যমুনাপাড়ি’ জাতের ছাগলটি কিনেছিলেন তিনি।

তিনি বলেন, “সন্তানের মতো করেই ছাগলটিকে বড় করেছি। প্রতিদিন ভালো খাবার দেই, শ্যাম্পু দিয়ে গোসল করাই। এরপর শরীরে বেলী ফুলের নারকেল তেল মাখিয়ে দেই। রাতে কম্বল বিছিয়ে মাচার ওপর ঘুমাতে দেওয়া হয়।”

ছাগলটির খাদ্য তালিকায় রয়েছে ভুট্টাপাতা, কাঁঠালপাতা, বটপাতা, জগডুমুরপাতা, বননাল্লা, শেওড়াপাতা, কাঁচা ঘাস ও দানাদার খাবার। মালিকের দাবি, বিশেষ যত্ন ও পরিচর্যার কারণেই ছাগলটির চলাফেরায় এসেছে আলাদা নবাবী ভাব। সেই থেকেই শখ করে নাম রাখা হয়েছে ‘নবাব সিরাজউদ্দৌলা’।

হাদিস মিয়া আরও জানান, প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত করিমগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনীতে ছাগলটি ‘শ্রেষ্ঠ খাসি’ হিসেবে নির্বাচিত হয়েছিল। এ জন্য তিনি নগদ অর্থ ও সনদও পেয়েছেন। এবার কোরবানির ঈদে ছাগলটি লক্ষাধিক টাকায় বিক্রির আশা করছেন তিনি।

এদিকে ছাগলটিকে এক নজর দেখতে প্রতিদিনই হাদিস মিয়ার বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ। কেউ ছাগলটির সঙ্গে ছবি তুলছেন, কেউ আবার এর পরিচর্যার গল্প শুনে মুগ্ধ হচ্ছেন।

স্থানীয় সমাজকর্মী মোস্তাফিজুর রহমান বলেন, “আমাদের সামনেই ছাগলটি বড় হয়েছে। হাদিস মিয়া অনেক যত্ন নিয়ে এটি লালন-পালন করেছেন। ছাগলটি যেমন দেখতে আকর্ষণীয়, তেমনি শান্ত স্বভাবেরও। আমরা চাই তিনি যেন তার পরিশ্রমের যথাযথ মূল্য পান।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ