বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়ার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

🕙 প্রকাশিত : ২৭ মে, ২০২৬ । ৭:০২ পূর্বাহ্ণ

কালবৈশাখী ঝড়, তীব্র বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ৭টার দিকে পদ্মা নদীতে প্রবল ঢেউ, ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হলে দুর্ঘটনা এড়াতে প্রায় দেড় ঘণ্টার জন্য ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রী ও পশুবাহী যানবাহনের চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। অনেক যাত্রীকে ঘাটে অপেক্ষা করতে দেখা যায়। বিশেষ করে পশুবাহী ট্রাক দীর্ঘ সময় আটকে থাকায় খামারিরা বিপাকে পড়েন।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগের শিকার হন। পরে আবহাওয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এরপর ধীরে ধীরে যানবাহন পারাপার স্বাভাবিক হতে থাকে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কালবৈশাখী ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ১৫টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ