বৃহস্পতিবার

১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে কৃষিজমির টপসয়েল বিক্রির অভিযোগে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা

🕙 প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬ । ৩:১১ অপরাহ্ণ

মানিকগঞ্জের ঘিওরে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে অবৈধভাবে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুইজনকে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বৈন্যা প্রাসাদ মৌজায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর উপরের স্তরের মাটি ভেকু (এক্সকাভেটর) দিয়ে কেটে ড্রাম ট্রাকে তুলে বিক্রির জন্য সরবরাহ করছিল। এতে একদিকে যেমন জমির উর্বরতা নষ্ট হচ্ছিল, অন্যদিকে স্থানীয় সড়ক ও জনসাধারণের চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছিল।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কৃষিজমির টপসয়েল কেটে ট্রাকে তোলার কাজ চলছিল। পরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অভিযুক্ত আব্বাস আলী ও মোঃ খোকনকে পৃথকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়। তারা দুজনই বালিয়াখোড়া ইউনিয়নের বৈন্যা প্রাসাদ গ্রামের বাসিন্দা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম বলেন, কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং অবৈধভাবে মাটি কাটা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ