বৃহস্পতিবার

১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে শ্মশান থেকে খুলি চুরি: অভিযানে গ্রেপ্তার ৩

🕙 প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬ । ৬:৪২ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের হরিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান ঘাট থেকে মাথার খুলি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন— উপজেলার ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪), বাবুরহাটি গ্রামের সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১) এবং একই গ্রামের প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, পহেলা বৈশাখের দিন মঙ্গলবার মধ্যরাতে বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মহাশ্মশান থেকে একটি মাথার খুলি চুরি হয়। এ ঘটনায় শ্মশান ঘাটের সভাপতি দ্বিজেন হালদার বাদী হয়ে বুধবার হরিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার তিনজনের নাম উল্লেখ করা ছিল।

মামলার পরপরই পুলিশ বিকেলে বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ খুলি চুরির অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ